স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৬:৪৬ এএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকায় কমিউনিটি ক্লিনিকে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবদুল মান্নান ব্যাপারী নামে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। গত বুধবার দুপুরের এ ঘটনায় ওইদিন রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই নারী চিকিৎসার জন্য যান। এ সময় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মান্নান জোরপূর্বক একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এলে পালিয়ে যায় মান্নান। পরে ওই নারীকে উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে যান স্থানীয়রা। রাতে ওই নারী মান্নানের বিরুদ্ধে মামলা করেছেন।

রায়পুর থানার ওসি মো. আবদুল জলিল বলেন, অভিযুক্ত মান্নান পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। ওই নারীকে বৃহস্পতিবার দুপুরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার : কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নাঈম মিয়া (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাঈম পৌর শহরের আমলাপাড়া এলাকার ফালু মিয়ার ছেলে। গত বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগীর মা নাঈমসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্ত নাঈম উপজেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা। উভয়ের পরিবার শহরের আমলাপাড়া এলাকায় থাকেন। নঈম পেশায় গাড়িচালক। ভুক্তভোগী স্থানীয় একটি কয়েল কারখানায় কাজ করেন। গৃহবধূ আর নাঈম পূর্বপরিচিত।

গৃহবধূর পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতালের কাছ থেকে নাঈম তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় জনি নামে এক যুবক ও গাড়িটির চালক নাঈমকে সহযোগিতা করে। পরে তাকে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে নিয়ে গাড়ির ভেতর নাঈম তাকে ধর্ষণ করে। রাত ৯টার দিকে ভৈরব শহরের নিউটাউন এলাকার রাস্তায় নামিয়ে দিয়ে নাঈম গাড়িসহ পালিয়ে যায়। পরে তিনি বাসায় পৌঁছে পরিবারকে ঘটনা জানান।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ধর্ষণের অভিযোগে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে কাউছার আহম্মেদ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকালে ফতুল্লার লামাপাড়ার সুন্নাতিয়া আল আরাবিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রের বাবার দায়ের মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাদ্রাসার নাজেরা বিভাগের ওই ছাত্রকে সকালে শ্রেণিকক্ষে একা পেয়ে শিক্ষক কাউছার আহম্মেদ বলাৎকার করে। ভুক্তভোগী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানায়।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। কাউছার বলেছে, ‘শয়তানের ধোঁকায় পরে সে এ কাজ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত