শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দশ চিকিৎসকের মধ্যে সাতজন ছুটি না নিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ওই সাত চিকিৎসক হলেন হাসপাতালের আরএমও ডা. সিকদার আফ্রিদি রিজভী, মেডিকেল অফিসার ডা. বদরুন্নাহার তানজিম, ডা. তানিয়া, ডা. আল আমিন সিকদার, ডা. ফজলে রাব্বি, ডা. সিফাত তাসনিম ও ডা. আব্দুল্লাহ তাহের।
এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ‘৫০ শয্যাবিশিষ্ট গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমিসহ মোট ১০ চিকিৎসক রয়েছি। শনিবার হঠাৎ করে ওই সাত চিকিৎসককে একসঙ্গে কর্মস্থলে অনুপস্থিত দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তারা ছুটি না নিয়েই শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে গেছেন। কবে নাগাদ ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হঠাৎ সাত চিকিৎসক ভ্রমণে যাওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি আমি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি। সিভিল সার্জন তাদের শোকজ করার জন্য নির্দেশ দিয়েছেন। নির্দেশ অনুযায়ী ওই সাত চিকিৎসককে শোকজ করা হবে।’
ছুটি না নিয়েই কুয়াকাটা ভ্রমণে যাওয়া ডা. সিকদার আফ্রিদি রিজভী মোবাইলফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান স্যারকে মৌখিকভাবে বলে আমরা সাত চিকিৎসক কুয়াকাটা গিয়েছিলাম। তবে লিখিতভাবে ছুটি নেওয়া হয়নি। আজ (গতকাল) রবিবার রাতে কর্মস্থলে পৌঁছাব।’
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘লিখিতভাবে ছুটি না নিয়ে সাত চিকিৎসক ভ্রমণে গিয়েছেন জানতে পেরে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে বলেছি তাদের শোকজ করতে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
