ধর্ষককে খোজা করার আইন

নতুন অধ্যাদেশে সই পাকিস্তান প্রেসিডেন্টের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৫৯ এএম

পাকিস্তানে ধর্ষণবিরোধী এক নতুন অধ্যাদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এর ফলে এটি আইনে পরিণত হওয়ার পথ সুগম হলো বলে খবর দিয়েছে বিবিসি।

ধর্ষণের মামলার বিচার দ্রুত করা এবং সাজা আরও কঠোর করার লক্ষ্যে আইনটি করা হয়েছে। এ আইনের আওতায় ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের নামের একটি জাতীয় তালিকা তৈরি করা হবে। এ ছাড়া ভুক্তভোগীর নাম-পরিচয় গোপন রাখার বিষয় নিশ্চিত করা ও কিছু ক্ষেত্রে ধর্ষককে রাসায়নিক পদ্ধতিতে খোজাকরণ করা হবে।

আইনটি কার্যকর হলে বিশেষ দ্রুত বিচার আদালত ধর্ষণ মামলার শুনানি করবে। আর চার মাসের মধ্যে মামলার রায় ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

লাহোর অভিমুখী একটি সড়কের পাশে এক নারীকে তার দুই শিশুসন্তানের সামনে ধর্ষণ করা হয়। ওই নারী পরে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদ থামাতে সরকার ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে। এরপর সম্প্রতি ওই অধ্যাদেশ জারি করা হয় এবং প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভা এটি অনুমোদন দেয়। আর গত মঙ্গলবার অধ্যাদেশে সই করলেন প্রেসিডেন্ট।

নতুন এ পদক্ষেপ সংসদে পেশ ও তা স্থায়ীভাবে আইনে পরিণত করতে সরকারের হাতে ১২০ দিন সময় আছে। এরপর সেটি কার্যকর হবে।

তবে অনেকে নতুন পদক্ষেপের সমালোচনা করছেন। তারা বলছেন, আইনে যে সাজার কথা বলা হয়েছে, তা অতি কঠোর। এটি অনুমোদন করার আগে প্রয়োজনীয় আলোচনা করেননি সরকারি কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত