বিএনপিকে তথ্যমন্ত্রী

মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চান

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০২:১৯ এএম

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সীমান্ত হত্যার কথা বলে কালো ব্যাজ ধারণ পরিহার করে মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুন।’ গতকাল সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাক ও মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় সমসাময়িক প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সীমান্ত হত্যা বন্ধের নামে কালো ব্যাজ ধারণ করার কথা বলছে। বিএনপিকে অনুরোধ জানাব, তারা যখন ক্ষমতায় ছিল, তখন সীমান্ত হত্যা কী পরিমাণ ছিল আর এখন কোন পর্যায়ে আছে, সেই পরিসংখ্যানটা একটু খতিয়ে দেখার জন্য। তাদের আমল থেকে সীমান্ত হত্যা এখন অনেক কমিয়ে আনা হয়েছে, কমে এসেছে। এই সীমান্ত হত্যা যাতে একেবারেই শূন্যের কোটায় নেমে আসে সেজন্য আমাদের সরকার চেষ্টা করছে এবং আগামীকাল (আজ) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে।’

প্রয়াত দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রয়াত নেতা আবদুর রাজ্জাক শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তা নয়, ৭৫-এর পর দলকে সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান আওয়ামী লীগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। একই সঙ্গে আমাদের শ্রদ্ধাভাজন কর্মীবান্ধব এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের গণমানুষের নেতা এবং চট্টগ্রামের নন্দিত মেয়র। তারা অনুকরণীয় নেতৃত্বের অসামান্য উদাহরণ।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নাহিম রাজ্জাক এমপি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত