অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ব্যবসায়ী এস এম গোলাম কিবরিয়া (জিকে) শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শামীম জিকে বিল্ডার্সের স্বত্বাধিকারী। গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে ২৯৭ কোটি ৩৯ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রটি শিগগিরই আদালতে জমা দেওয়া হবে বলে দুদক পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
এর আগে ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ
সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলাটির তদন্তও করেন তিনি।
দুদক কর্মকর্তারা জানান, জিকে শামীম ২০১৮-১৯ অর্থবর্ষ পর্যন্ত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে আয়কর নথিতে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকার তথ্য উল্লেখ করলেও মোট টাকার বৈধ উৎসের খোঁজ পায়নি দুদক। এ ছাড়া জিকে শামীমের বাসা থেকে পাওয়া নগদ ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও ৭ লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রারও বৈধ উৎস পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শামীম ও তার মায়ের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরও ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদারিত্বের বৈধ কোনো উৎস খুঁজে পায়নি দুদক। এ ছাড়া জিকেবি অ্যান্ড কোম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উৎসও পাওয়া যায়নি।
