বাংলাদেশ ও চীনের বিকাশমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গণমাধ্যমে তুলে ধরতে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) বিসিসিসিআই-ইআরএফ বার্ষিক অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দিয়েছে।
গত মঙ্গলবার দুই সংগঠনের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা হয়। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও পর্যটন খাতে প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে সেরা প্রতিবেদনের জন্য দশটি অ্যাওয়ার্ড দেওয়া হবে।
প্রত্যেক বিজয়ী ৫০ হাজার টাকা ও সম্মাননা স্মারক পাবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জানুয়ারির মধ্যে প্রকাশিত প্রতিবেদন প্রথম ধাপের অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে।
ঢাকায় পুরানা পল্টন ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিসিসিসিআই যুগ্ম সম্পাদক আল মামুন মৃধা ও ইআরএফ সভাপতি শারমিন রিনভী নিজ নিজ সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন।
