ইভানকার শ্বশুরসহ ২৯ দণ্ডিতকে ট্রাম্পের ক্ষমা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০২:১৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট, সাবেক উপদেষ্টা রজার স্টোন, মেয়ে ইভানকার শ্বশুর হোয়াইট হাউজের উপদেষ্টা চার্লস কুশনারসহ ২৯ জনকে ক্ষমা করে দিয়েছেন। গত বুধবার তিনি প্রেসিডেন্টের ক্ষমতাবলে তাদের ক্ষমা করেন।

বিবিসি বলেছে, আগামী মাসে হোয়াইট হাউজ ছাড়ার আগে রিপাবলিকান প্রেসিডেন্টের এ দফার অনুকম্পায় মোট ২৯ দণ্ডিত আসামি উপকৃত হলেন। এর মধ্যে ২৬ জন পেয়েছেন পূর্ণাঙ্গ ক্ষমা; ৩ জনের সাজা কমেছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এক তদন্তে ২০১৮ সালে ম্যানাফোর্ট দোষী সাব্যস্ত হয়েছিলেন। আর স্টোন দণ্ড পেয়েছিলেন কংগ্রেসকে মিথ্যা বলার দায়ে। ট্রাম্প এর আগে তার সাবেক এ উপদেষ্টার সাজাও কমিয়েছিলেন। এ ছাড়া কর ফাঁকি, সাক্ষীর ওপর প্রভাব বিস্তারসহ একাধিক অভিযোগে ২০০৪ সালে ২ বছরের সাজা পেয়েছিলেন ট্রাম্পের মেয়ে ইভানকার শ্বশুর চার্লস কুশনার।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট কারও সাজা কমালে তার দোষ খারিজ হয়ে যায় না বা তিনি নির্দোষ প্রমাণিত হন না। তবে প্রেসিডেন্ট ক্ষমা করলে দোষী ব্যক্তি ভোটাধিকারসহ আরও কিছু সুযোগ-সুবিধা ফেরত পান।

এর আগে গত মঙ্গলবার ট্রাম্প সাবেক দুই সহযোগীসহ ১৫ জনকে ক্ষমা ও ৫ জনের সাজা কমান। গত নভেম্বরে তিনি তার আরেক সহযোগী যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকেও ক্ষমা করেন। ফ্লিন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের রাশিয়া তদন্তে এফবিআইকে মিথ্যা বলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত