বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিমানের ফ্লাইট চলমান থাকবে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট বন্ধের প্রয়োজন হলে বন্ধ করা হবে। প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গেও ফ্লাইট বন্ধ করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিমানবাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের বিধি অনুযায়ী দুই বছর পরপর বিমানবন্দরে নিরাপত্তা মহড়ার আয়োজনের বাধ্যবাধকতা থেকে এ মহড়া।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসানের পরিচালনায় মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, এপিবিএন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেয়।
বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। নিরাপত্তার সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। বিমানবন্দরে কর্মরত সব সংস্থার কর্মীকে বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তায় বিঘœ সৃষ্টিকারীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
লন্ডনফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার জন্য পিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক। সঙ্গে সাত দিনের কোয়ারেন্টাইন। বিমানবন্দর কর্র্তৃপক্ষ লন্ডন যাত্রীদের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্বব্যাপী বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবিলা করেই সামনে অগ্রসর হতে হবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কয়েক মাস আগে সারাবিশ্বে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে তা আবার চালু হয়। বর্তমান করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার। বেবিচক অত্যন্ত সজাগ। সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সবাই সজাগ দৃষ্টি রাখছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে সেহেতু যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ব্যাপারে স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কিংবা যেকোনো এয়ারলাইনসেই যুক্তরাজ্য থেকে যারা আসছেন তাদের আলাদাভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যাপ্ত কি না সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘কোয়ারেন্টাইনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে।’
