অর্থ পাচার মামলা

ফরিদপুরের সেই বরকত-রুবেলের জামিন প্রশ্নে রুল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০২:১৭ এএম

অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের জামিন প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। তাদের কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার দুই আসামির জামিনের আবেদনের ওপর শুনানির পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ রুল দেয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ মামলায় গত বছর ২৮ সেপ্টেম্বর জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন দুই ভাই।

শুনানিতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) একেএম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল আলম কামাল।

অর্থ পাচারের অভিযোগে গত বছর ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (সংশোধনী) ৪ (২) ধারায় দুজনের বিরুদ্ধে মামলা হয়। এতে দুই আসামির বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। মামলার এজাহার অনুযায়ী, ২০১০ সাল থেকে ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ভূমি দখল করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বরকত ও রুবেল। টাকার উল্লেখযোগ্য অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন তারা।

গত বছর ১৬ মে রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলা হয়। এ ঘটনায় ১৮ মে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন তিনি। এ মামলায় আসামি হিসেবে ৭ জুন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বরকত-রুবেলসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। দুই ভাই বর্তমানে ফরিদপুর কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত