বাকস্বাধীনতা নিয়ে পাশ্চাত্যের ভণ্ডামিপূর্ণ বিবৃতি আর নয় : জয়

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:৫৭ এএম

বাংলাদেশের বাকস্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আর ভণ্ডামিপূর্ণ বিবৃতি দেখতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল শনিবার তিনি নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে এক পোস্টে ‘টুইটার স্থায়ীভাবে ট্রাম্পকে নিষিদ্ধ করেছে’ সিএনএনের এমন শিরোনামের সংবাদ শেয়ার করে ক্যাপশনে (শিরোনামে) এমন মন্তব্য করেন। 

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি চাই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পশ্চিমা অন্য দূতাবাসগুলো এই পোস্ট রাখুক। আমরা ভবিষ্যতে বাংলাদেশের বাকস্বাধীনতা নিয়ে আপনাদের কাছ থেকে আর ভণ্ডামিপূর্ণ বিবৃতি দেখতে চাই না।’

তিনি বলেন, ‘মিথ্যা ছড়ানোর কারণে সহিংসতা সৃষ্টি হয়। যার কারণে টুইটার এবং যুক্তরাষ্ট্রের অন্য সামাজিক মাধ্যম দেশটির প্রেসিডেন্টসহ আরও কিছু ব্যক্তি ও সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রে এই হলো বাকস্বাধীনতার সীমা।’

গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলার ঘটনার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ট্রাম্প ও তার অনেক সমর্থকের অ্যাকাউন্টগুলোর ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করছে। ভবিষ্যতে ‘সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকি থাকায়’ যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার।

সজীব ওয়াজেদ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার প্রাইভেট কোম্পানিকে আদেশ জারির ক্ষমতা দেয়। বাংলাদেশে আমরা মনে করি এই সিদ্ধান্ত হওয়া উচিত আদালতের, প্রাইভেট কোম্পানির নয়। প্রত্যেকের কথা বলার অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সেই স্বাধীনতা যখন অন্যকে আঘাত করে এবং মিথ্যা ছড়ায়, তখন সেই অধিকার আর থাকে না। অন্যকে আঘাত করার অধিকার কারও নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত