পচেত্তিনোর অধীনে পিএসজির প্রথম জয়

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১০:২২ এএম

নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম জয়ের দিন ভাঁস্তকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

লিগ ওয়ানে শনিবার মোইজে কিন চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া।

চোট আর করোনাভাইরাসের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারালেও এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি।

ষোড়শ মিনিটে দলকে এগিয়ে নেন কিন। ডি মারিয়ার কর্নার থেকে মার্কিনিয়োসের হেডে সুযোগ আসে কিলিয়ান এমবাপের সামনে। কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি তিনি। পোস্টে লেগে ফেরা বলে খুব কাছ থেকে হেডে জালে খুঁজে নেন কিন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ভাঁস্ত চেপে ধরে পিএসজিকে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে সাফল্য পায়নি তারা।

এমবাপে কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৮১তম মিনিটে জালের দেখা পান ইকার্দি। এমবাপের কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৮৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সারাবিয়া। ইকার্দির কাছ থেকে বল পেয়ে বাকিটা অনায়াসে সারেন তিনি।

এই জয়ে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠেছে পিএসজি। দুই গোলে পিছিয়ে থেকেও রেনের সঙ্গে ২-২ ড্র করা লিঁও ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত