কাদেরের ভাইয়ের বক্তব্যে সরকারের চেহারা : বিএনপি

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০৩:০৫ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা সাম্প্রতিক সময়ে যে বক্তব্য রাখছেন তাতে দেশের রাজনীতির বাস্তব চিত্র উঠে এসেছে বলে মনে করছেন বিএনপি নেতারা। গতকাল সোমবার দেশ রূপান্তরকে  বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারের জনপ্রিয়তা কমে যাওয়া ও নির্বাচনে অনিয়মের চিত্রের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্যে সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতির চিত্র সামনে চলে এসেছে।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক  মেয়র সাঈদ খোকনের দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দেশ রূপান্তরকে বলছেন, ‘তাদের কথায় বর্তমান সরকারের দুর্নীতির পুরো চিত্র উঠে এসেছে। ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্য এবং মেয়র তাপস ও খোকনের পাল্টাপাল্টি বক্তব্যে সরকারের চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। একযুগ ক্ষমতা দখল করে আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, সেটি সামনে উঠে এসেছে দলটির নেতাদের সাম্প্রতিক বক্তব্যে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম দেশ রূপান্তরকে বলেন, ‘আবদুল কাদের মির্জা যা বলছেন, তার সবই সত্য। তার বক্তব্যে দেশের রাজনীতির বাস্তব চিত্র উঠে এসেছে। বিশেষ করে সরকারের জনপ্রিয়তা কমে যাওয়াসহ নির্বাচনে অনিয়মের বিষয়গুলো উঠে এসেছে। আসলে সরকার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। তাই কেউ কেউ নিজেদের জনরোষ থেকে বাঁচাতে সত্য কথা বলতে শুরু করেছেন। সামনে আরও অনেকে এভাবে সত্য কথা বলে নিজেকে রক্ষার চেষ্টা করবেন।’ 

চলমান স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় প্রশাসনের পক্ষপাতহীন আচরণ, বিচারহীনতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আবদুল কাদের মির্জা। গতকাল সোমবার নোয়াখালীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজ সকালে এক জায়গা থেকে একজন বিএনপির প্রার্থী আমাকে ফোন করে বলেন, ‘ভাই, আপনার এলাকায় বিএনপি ভোট করছে, আর আমি আমার বাড়ি থেকেও বের হতে পারছি না, ভোট করা তো দূরের কথা।’ এই হলো অবস্থা, তারা বড় বড় কথা বলে।”

স্থানীয় প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন আবদুল কাদের মির্জা। তিনি সভায় নোয়াখালীর জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, ‘একজন এমপির নামযুক্ত মাস্ক কীভাবে পরেন আপনি? আপনি তো নিরপেক্ষ লোক নন।’

আবদুল কাদের মির্জা বলেন, ‘ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে পেট্রল ঢেলে নির্মমভাবে গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়েছে। দুঃখজনক হলেও সত্যি, সে হত্যাকা-ের আজও বিচার হয়নি।’

তার এ বক্তব্যের ভিডিও ফেইসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে। সেখানে  নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দলীয় কিছু নেতাকে ইঙ্গিত করে আবদুল কাদের মির্জাকে বলতে শোনা যায়, ‘নোয়াখালীর মানুষজন বলে, শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। এটা সত্য। কিন্তু আপনাদের জনপ্রিয়তা বাড়েনি। আপনারা প্রতিদিন ভোট কমান। টাকা দিয়ে বড় জনসভা করা, মিছিল করা কোনো ব্যাপার নয়। টাকা দিলে, গাড়ি দিলে আমিও অনেক লোক জড়ো করতে পারব। না হয় রাজনীতি থেকে বিদায় নেব।’

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘এতদিন আমরা এ বিষয়গুলো বলেছি। এখন খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই বলছেন। বাস্তব কথা বলায় সাধারণ মানুষ আগ্রহভরে তার কথা শুনছেন। এগুলোই হলো তাদের মনের কথা। কিন্তু সাধারণ মানুষ এসব কথা বলতে পারে না। এসব কথা বললে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে, আইনশৃঙ্খলা বাহিনী রাতের আঁধারে তুলে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এলাকার মানুষ তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। এলাকায় বিনোদনের খোরাক হয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত