ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পাশা এলাকায় ধর্ষণচেষ্টার শিকার স্কুলছাত্রী হাফসা আক্তারকে আত্মহননে প্ররোচিত করার মামলার আসামি মামুন হাওলাদারের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে হাফসার পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
স্কুলছাত্রী হাফসার মা মর্জিনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তার বাবা নান্টু হাওলাদার, ফুপু খাদিজা বেগম ও মামা মাহফুজ হাওলাদার। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হাফসাকে আত্মহননের দিকে ঠেলে দিয়েছে মামলার আসামি সন্ত্রাসী মামুন হাওলাদার।’ এ সময় তারা মামুনের কঠোর শাস্তি দাবি করেন।
গত ৩০ ডিসেম্বর নলছিটির রায়পাশা সৈয়দ আবদুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হাফসা চিরকুট লিখে আত্মহত্যা করে। এতে সন্ত্রাসী মামুন হাওলাদার ধর্ষণচেষ্টা করে বলে উল্লেখ করে সে। এ ঘটনায় ৩ জানুয়ারি তার বাবা মামুনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
