আলমগীর কবির রচনা সংগ্রহের দ্বিতীয় খণ্ড আসছে ১৮ জানুয়ারি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১২:৩০ পিএম

২০১৮ সালে ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ শিরোনামে প্রকাশ হয় কিংবদন্তি নির্মাতা আলমগীর কবিরের রচনা সংগ্রহের প্রথম খণ্ড। এবার আসছে পরের কিস্তি, শিরোনাম ‘শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১’।

১৮ জানুয়ারি থেকে ৭৫০ টাকা মূল্যের বইটি বাজারে পাওয়া যাবে। এর আগে রকমারিতে ২৫ শতাংশ ছাড়ে প্রি-অর্ডার করা যাচ্ছে।

রচনা সংগ্রহটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন আফজালুর রহমান, আরস্তু লেনিন খান, প্রিয়ম প্রীতিম পাল, তাহমিদাল জামি ও সামসুদ্দোজা সাজেন। সম্পাদনা করেছেন আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান, আরস্তু লেনিন খান ও তাহমিদাল জামি।

প্রকাশক হিসেবে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), আগামী প্রকাশনী ও মধুপোক।

‘শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১’ সম্পর্কে বলা হচ্ছে, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি অনুষ্ঠানে সাংবাদিক ও চলচ্চিত্রকার আলমগীর কবির বিস্তর কথিকা পাঠ করেন। তার মধ্যে একাশিটি কথিকার বয়ান নিয়ে ১৯৮৪ সালে প্রকাশ করেন ‘দিস ওয়াজ রেডিও বাংলাদেশ ১৯৭১’ শিরোনামে।

স্বাধীনতার পঞ্চাশ বছর মাথায় বইটির অনুবাদ আলমগীর কবির রচনা সংগ্রহ দ্বিতীয় খণ্ড আকারে প্রকাশিত হচ্ছে।

বইয়ে অন্তর্ভুক্ত কথিকামালার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের মুক্তিসংগ্রামের ন্যায্যতা বিশ্বব্যাপী তুলে ধরা। মুক্তিযুদ্ধের ক্ষণে ক্ষণে উদ্ভূত অভাবিতপূর্ব প্রশ্নের ও অনিবার্য প্রসঙ্গের অনবদ্য বিশ্লেষণ এসব কথিকা। এতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনা, বিশ্ব নেতৃবৃন্দ আর নানান পরাশক্তির ভূমিকার কথা। আরো আছে গেরিলা ও সম্মুখযুদ্ধের পদ্ধতিগত কৌশল, স্বাধীন বাংলাদেশের রূপকল্প এবং অন্যান্য প্রসঙ্গের অন্তর্ভেদী আলোচনা।

রফিকুর রহমানের আলোকচিত্র অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত