অস্ট্রেলিয়ান ওপেনের আগে ইনজুরিতে নাদাল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৮ এএম

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই ইনজুরিতে পড়লেন রাফায়েল নাদাল। মেলবোর্নে দ্বিতীয় এটিপি কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল স্পেনের হয়ে উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল তার। কিন্তু কোমরের ব্যথার কারণে সেই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন নাদাল। নাদাল না খেললেও ১২ দেশ নিয়ে আয়োজিত টুর্নামেন্টে জয় পেয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই বাড়তি কোনো ঝামেলায় জড়াতে চাননি নাদাল। তাই বাড়তি সতর্কতা হিসেবে এটিপিতে প্রথম ম্যাচ খেলেননি। গেল শুক্রবার নাদাল একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ডমিনিক তিমের বিপক্ষে। সেখানে ৭-৫, ৬-৪ এ জিতেছিলেন নাদাল। আগামীকাল গ্রিসের বিপক্ষে স্পেনের পরবর্তী ম্যাচে খেলার আশা করছেন নাদাল। ওই ম্যাচে নাদালের প্রতিপক্ষ হিসেবে থাকবেন সিতসিপাস। গতকাল অস্ট্রেলিয়ার জন মিলমানের বিপক্ষে নাদালের বদলে খেলেছেন পাবলো কোরেনো বুস্তা। বুস্তা ৬-২, ৬-৪ এ হারিয়েছেন মিলমানকে।

১২ দলকে চার  গ্রুপে ভাগ করে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। আসরের এ গ্রুপে কানাডা ও জার্মানির সঙ্গে পড়েছে সার্বিয়া। গতকাল প্রথম ম্যাচে জকোভিচ ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন কানাডার ডেনিস সাপোলোভকে। ডাবলসেও ফিলিপ ক্রাজিনোভিচের সঙ্গে জুটি গড়ে জয় তুলে নিয়েছেন জকো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মৌসুমের শুরুটা দারুণ হলো। আমি আশা করছি সবাই ম্যাচটি উপভোগ করেছেন, আমি নিজে বেশ উপভোগ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত