ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৯ এএম

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া গভীর রাতে শহরের আর্টগ্যালারি মোড়ে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু বলেন, গতকাল দুপুর ১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কে বা কারা দুটি ককটেল ছুড়ে মারলে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।

কার্যালয়ে ককটেল বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা হয়।

এদিকে রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আর্টগ্যালারি মোড়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরা অভিযোগ করেন, গভীর রাতে তার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বলেন, আওয়ামী লীগ নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অফিস এবং আওয়ামী লীগ প্রার্থীর পুড়িয়ে দেওয়া নির্বাচনী কার্যালয় পরিদর্শন করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভায় নির্বাচন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত