ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

অগ্রাধিকারভিত্তিতে সব শিক্ষককে টিকা দেওয়া হবে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:২০ এএম

অগ্রাধিকারভিত্তিতে সব শিক্ষককে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুতও করা হয়েছে। শিগগিরই হয়তো খুলে দিতে পারব।’

গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলাফলধারী ৩০ জনকে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড চালু করেছে। এখন থেকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া অব্যাহত থাকবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে যে দুটি বইয়ের ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে; বই দুটি শুধু বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক নয়, একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে হলে এগুলো পড়ার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর লেখা তিনটি বই আকরগ্রন্থ। এগুলো আমাদের সবার পাঠ্য হওয়া উচিত।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার পাওয়া ৩৪ শিক্ষার্থীর মধ্যে স্নাতক (সম্মান) কোর্সে ২৬ ও স্নাতক (পাস) কোর্সে রয়েছেন চারজন। এদের মধ্যে ২৫ জনই ছাত্রী। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী চারজনকে নগদ অর্থ ও সনদ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত