অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির নেতারা। তারা বলছেন, ‘সরকার একদলীয় বাকশাল কায়েম করছে বলে বিএনপির পক্ষ থেকে বারবার যে অভিযোগ করা হয়েছিল, সে অভিযোগ প্রমাণিত হয়েছে।’
গত রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা উঠে এসেছে বলে গতকাল সোমবার দেশ রূপান্তরকে দলটির একাধিক স্থায়ী কমিটির সদস্য বলেন।
বিএনপি নেতারা বলেন, ‘সাংবিধানিক পদাধিকারীকে দলীয় পদে নিযুক্ত করার ঘটনা পঁচাত্তর সালে বাকশালের কমিটি গঠনের পর দেশে আর ঘটেনি।’
তারা বলেন, ‘স্বাধীনতার পর বর্তমান প্রধানমন্ত্রীর বাবা জাতীয় সংসদে বিল উত্থাপন করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। এখন তার মেয়ে আইন না করে অলিখিতভাবে, অনানুষ্ঠানিকভাবে বাকশাল কায়েম করেছেন। সরকার বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছে।’
নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘সভায় তারেক রহমান বলেছেন, সরকার যখনই দেশে-বিদেশে চাপের মধ্যে পড়ে, তখন তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, আমার বিরুদ্ধে এবং আমাদের দলের নেতাদের বিরুদ্ধে কোনো নতুন মামলা করে। অথবা পুরাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।’
গত রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আসেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশ থেকে খন্দকার মোশারররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়াল বৈঠকে যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘অ্যাটর্নি জেনারেলকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটিতে সদস্য করায় স্থায়ী কমিটির বৈঠকে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। একই সঙ্গে তারা বলেছেন, একটি সাংবিধানিক পদের অধিকারীকে দলীয় পদে নিযুক্ত করা দেশের ইতিহাসে একটি নতুন ঘটনা। শুধু তা-ই নয়, এ ঘটনা নিঃসন্দেহে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়কে নগ্ন দলীয়করণের অপচেষ্টা ও একটি অত্যন্ত মন্দ দৃষ্টান্ত।’
বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় কোনো কোনো সাংবিধানিক পদে দলীয় সমর্থক কাউকে নিয়োগ করার দৃষ্টান্ত থাকলেও কোনো সাংবিধানিক পদাধিকারীকে দলীয় পদে নিযুক্ত করার ঘটনা ১৯৭৫ সালের বাকশালের কমিটি গঠনের পর আর ঘটেনি। জনগণের অর্থে যাদের বেতন-ভাতা পরিশোধিত হয়, তাদের কারও বিশেষ কোনো রাজনৈতিক দলের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হওয়া বা করা শুধু অন্যায় নয়, অনৈতিকও বটে।’
তিনি বলেন, ‘বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের উচিত, হয় দলীয় পদ কিংবা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা। যারা তাকে নিয়োগ দিয়েছেন, তাদেরও উচিত অনৈতিক এ বিষয়টির গুরুত্ব ও জনমনে এর অনিবার্য বিরূপ প্রতিক্রিয়া বিবেচনা করে দলের উপকমিটি থেকে অবিলম্বে অ্যাটর্নি জেনারেলকে বাদ দেওয়া।’
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সাময়িক মুক্তির ক্ষেত্রে তার দেশে থাকার যে শর্ত দেওয়া হয়েছে, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন, যে চিকিৎসা দেশে সম্ভব নয়। এমনকি যে হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি ছিলেন, সেখানেও সম্ভব হয় নাই। তিনি যখন চিকিৎসার জন্য ঘরের বাইরে যেতে অক্ষম, তখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুদূর নড়াইলে আদালতে হাজির হওয়ার নিষ্ঠুর আদেশ জারির সংবাদে সংগতভাবেই দেশবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।’
দুর্নীতির দুই মামলায় দ-িত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। তার পরিবারের আবেদনে পরে তা আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়, যার মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন তিনি।
এ বিষয়ে বিএনপি কী করবে জানতে চাইলে নজরুল বলেন, ‘আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না। এটা রাজনৈতিক বিষয় না, এটা তার চিকিৎসার বিষয়।’
সভায় নড়াইলের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বরিশালে ১৮ ফেব্রুয়ারি সমাবেশে যোগদানে বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়া এবং সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ তার সহকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে। সেই সঙ্গে বগুড়ায় একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি দলীয় সাংসদ ও জেলার আহ্বায়ক জি এম সিরাজসহ নেতাকর্মীদের ওপর হামলা এবং নোয়াখালীর বসিরহাটে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত সাংবাদিক মোজাক্কির বোরহান উদ্দিনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপির স্থায়ী কমিটি।
