১০১ বছর বয়সে মার্কিন বিট কবি ফের্লিংহেটির মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান কবি, প্রকাশক ও সংগঠক লরেন্স ফের্লিংহেটি মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০১ বছর।

বিবিসি জানায়, সোমবার সন্ধ্যায় সান ফ্রান্সিসকোতে মৃত্যুবরণ করেন তিনি। তার প্রতিষ্ঠিত সিটি লাইটস বুকশপ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী লেখকদের নিয়ে ‘বিট মুভমেন্ট’ প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন ফের্লিংহেটি। সমাজ ও রাষ্ট্রের বেধে দেওয়া নিয়মের বিরুদ্ধাচরণ করা এ মুভমেন্ট ষাটের দশকে তুমুল জনপ্রিয় হয়ে উঠে।

এ মুভমেন্টের অনুসারী ও সমর্থকেরা ‘বিট প্রজন্ম’ হিসেবে পরিচিতি পেয়েছিল। বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয় এ মুভমেন্ট। বিট প্রজন্ম নিয়ে হলিউডে নির্মিত হয় অসংখ্য সিনেমা।

১৯৫৩ সালে ফের্লিংহেটির গড়ে তোলা সিটি লাইটস বুকশপকে ঘিরেই বিট মুভমেন্টের জন্ম। জ্যাক কেরুয়াক, উইলিয়াম এস বারোজ ও অ্যালেন গিন্সবার্গের মতো প্রখ্যাত কবি সাহিত্যিকদের উপন্যাস ও কবিতা প্রকাশ করেন ফের্লিংহেটি।

সিটি লাইটস বুকশপের বিবৃতিতে বলা হয়, ‘তার কৌতূহল ছিল সীমাহীন এবং তার উদ্দীপনা ছিল সংক্রামক এবং আমরা তাকে অসম্ভব মিস করব।’

ফের্লিংহেটির প্রতিষ্ঠানটির টুইটারেও একটি পোস্ট করে। সেখানে যুক্ত করা হয় বিট মুভমেন্টের প্রতিষ্ঠাতার একটি ছবি, সিটি লাইটস বুকশপের জানালায় দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে বলা হয়, ‘আমাদের কবি এবং নায়ক লরেন্স ফের্লিংহেটি চলে গেছেন। আমরা তোমাকে ভালোবাসি লরেন্স।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত