আগের রাউন্ডে মিলান ডার্বিতে ইন্তারের কাছে হেরেছিল এসি মিলান। তার আগের রাউন্ডে স্পেজিয়ার কাছেও হেরেছিল তারা। টানা দুই হারের পর ইতালিয়ান লিগে জয়ের দেখা পেয়েছে তারা। এএস রোমাকে ২-১ গোলে হারিয়ে সিরি আ-তে শীর্ষের ইন্তারের পেছন পেছন চলছে তারা। রবিবার জেনোয়াকে ৩-০ গোলে হারানো ইন্তারের সংগ্রহ ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে মিলানের সংগ্রহ ৫২। এক ম্যাচ কম খেলা জুভেন্তাস ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
রবিবার সান সিরোতে ম্যাচের প্রথম মিনিটে গোল করেন ইন্তারের রোমেলু লুকাকু। লিগে তার গোলসংখ্যা ১৮টি। এক গোল বেশি নিয়ে শীর্ষ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬৯ মিনিটে মাত্তেও এবং ৭৭ মিনিটে অ্যালেক্সিস সানচেজ গোল করলে বড় জয় নিশ্চিত হয় ইন্তারের। অপর ম্যাচে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় মিলান। ৫০ মিনিটে সমতায় ফিরে রোমা। ৫৮ মিনিটে আন্তে রেবিচের গোলে জয় পায় মিলান।
