ফরিদপুরে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ

নবনির্বাচিত পৌর মেয়রের স্ত্রী-ছেলেসহ নিহত ৩

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০২:২৮ এএম

বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী, ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়র নিমাই চন্দ্র সরকারসহ (৫০) গুরুতর আহত হয়েছেন । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাইচাইল ইউনিয়নের কালের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা কয়েকজন মাইক্রোবাসে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নগরকান্দায় নিজ বাড়িতে ফিরছিলেন।

নিহতরা হলেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৩৮), ছেলে গৌরব সরকার (২৩), নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর (৩৮)।

জানা যায়, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারসহ কয়েকজন মাইক্রোবাসে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নগরকান্দায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কালের মোড় এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা পৌর মেয়র নিমাই সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার ও কামাল মাতুব্বর নিহত হন। আহত পৌর মেয়র নিমাই সরকার ও তার ছেলে গৌরব সরকারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৌরব মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাস ও যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। পৌর মেয়রের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ ছয়জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জে একটি ড্রামট্রাকের ধাক্কায় অপর এক ড্রামট্রাকের চালক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এর চালক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ময়মনসিংহে বাসচাপায় এক মোটরসাইকেল চালক, খুলনায় ট্রাকচাপায় এক নারী, নওগাঁয় ট্রাকচাপায় সাবেক এক সেনাসদস্য ও নেত্রকোনায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে:

সিরাজগঞ্জ : তাড়াশে মাটিবোঝাই ড্রামট্রাকের ধাক্কায় মো. সোহেল হোসেন (২২) নামে অপর এক ড্রামট্রাকের চালক নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আড়ংগাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহেল নাটোরের সিংড়া উপজেলার শেরকোল গ্রামের আবু হারেজের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৪টার দিকে একটি পুকুর খননের পর মাটি নিয়ে ওপরে উঠছিল একটি ড্রামট্রাক। ওই সময় পেছন দিক থেকে সিøপ খেয়ে সেটি অপর একটি ড্রামট্রাককে ধাক্কা দিলে উল্টে গিয়ে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এর চালক রাশিদুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশিদুল দামুড়হুদা উপজেলার উজিরপুর মাঠপাড়ার প্রয়াত মাদার আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে বলেশ্বরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের পুকুর থেকে মাটি ভর্তি করে ট্রাক্টর নিয়ে ফিরছিলেন রাশিদুল। এ সময় পশুহাট এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশিদুলের। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ : ভালুকায় বাসের চাপায় মনিরুজ্জামান রুবেল (৩৫) নামে মোটরসাইকেলচালক এক মিল শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভান্ডাব গ্রামের বাসিন্দা ও স্থানীয় স্কয়ার ফ্যাশনের শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় ছেলে লিয়ামকে (১০) সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি ত্রিশালের রাগামারা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল। বাসার কাছে ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী শৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হোসেন জানান, লাশ উদ্ধারের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা : ফুলতলায় ট্রাকের চাপায় সাথী বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী আশরাফুল ইসলাম। গতকাল দুপুরে খুলনা-যশোর মহাসড়কের দামোদর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই সালাউদ্দিন জানান, গতকাল দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আশরাফুল ও তার স্ত্রী সাথী বেগম ভ্যান থেকে নামার পর যশোর থেকে খুলনাগামী কয়লাবাহী ড্রামট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাথীর মৃত্যু হয়। আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে। ফুলতলা থানার ওসি মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নওগাঁ : মহাদেবপুর এলাকায় ট্রাকচাপায় গফুর আলী (৫৫) নামে মোটরসাইকল আরোহী সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। গফুর আলী মান্দা উপজলোর কবৈত্যপাড়ার মকছেদ আলীর ছেলে। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, গতকাল সকালে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে যাচ্ছিলেন গফুর আলী ও তার খালাতো ভাই জাহাঙ্গীর আলম। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে রাস্তার ওপরে ছিটকে পড়েন গফুর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নেত্রকোনা : পূর্বধলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তাহমিনা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক সড়কের আতকাপাড়া পেট্রোলপাম্পসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাহমিনা স্থানীয় খারছাইল গ্রামের নুরুল হকের মেয়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাবার জন্য রাতের খাবার নিয়ে দোকানে যাচ্ছিল তাহমিনা। পথে সড়ক অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পরপরই উত্তেজিত হয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে এলাকাবাসী। এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। পূর্বধলা থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত