মোদির সফরসূচি চূড়ান্তে আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০২:৫৮ এএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকা আসছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করতেই তার এই সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জয়শঙ্করের এই সফরে মূলত মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী কী বিষয়ে আলাপ হবে এবং দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে, সে বিষয়েই আলোচনা হবে। মোদির এই সফরে বাংলাদেশ পানি বণ্টনের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায়। তিস্তাসহ ৭টি নদী, রহিমপুর খালসহ পানি নিয়ে অন্যান্য যে অমীমাংসিত সমস্যা রয়েছে, সেগুলোর একটি রূপরেখা করতে চায় বাংলাদেশ। জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

এ ছাড়া মোদির সফরসূচিতে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের বিষয়টিও সামনে আনার চেষ্টা করবে বাংলাদেশ। ইতিপূর্বে অনেকবার ভারত সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে গত সপ্তাহে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যকার যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূরের বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবনা রাখা হবে। একই সঙ্গে পাটের ওপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক, স্থলবন্দর সমস্যা, অশুল্ক বাধাসহ অন্যান্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা সে বিষয়গুলো সফরসূচিতে স্থান করার বিষয়ে আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত