সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ

আপডেট : ১০ মার্চ ২০২১, ০৩:০০ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপিম কোর্ট বার) নির্বাচনের (২০২১- ২০২২) ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার। আজ ও আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি) এ ভোটগ্রহণ চলবে। সুপ্রিম কোর্ট বারে এক বছরের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এবার ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৭ হাজার ৭১৯ জন আইনজীবী ভোটার তাদের ভোট দেবেন। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই নির্বাচন নির্দলীয় হলেও কার্যত দলপন্থিদের নিয়ে প্যানেলের আদলে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রাজনৈতিক দল ও সারা দেশের জেলা বারের আইনজীবীদের নজর ও উৎসাহ থাকে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও  বিএনপিপন্থি আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সাদা প্যানেল থেকে এবার সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি পদে এবং অ্যাডভোকেট মো. আব্দুল আলিম মিয়া জুয়েল সম্পাদক পদে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে বিএনপিপন্থিদের নীল প্যানেল থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান সভাপতি পদে এবং রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান সভাপতি পদে এবং অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ সম্পাদক পদে বিএনপিপন্থি আরেকটি প্যানেল নির্বাচনে নেমেছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সরকার সমর্থক সাদা প্যানেলের অ্যাডভোকেট এ এম আমিন  উদ্দিন (বর্তমানে অ্যাটর্নি জেনারেল)। সম্পাদক পদে বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হন। ওই নির্বাচনে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪ পদের মধ্যে সভাপতিসহ আওয়ামী লীগ সমর্থকরা ছয়টি পদে এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা সম্পাদকসহ আটটি পদে জয়ী হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত