প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উপহার দিয়েছে চীন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং পিতলের তৈরি বঙ্গবন্ধুর ম্যুরালটি শেখ হাসিনার হাতে তুলে দেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ঢাকায় আসতে না পারলেও তিনি ভিডিওবার্তা পাঠাবেন বলে জানা গেছে।
শেখ হাসিনার সঙ্গে লি জিমিংয়ের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে করোনাভাইরাস ভ্যাকসিনের এক লাখ ডোজ প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তিনি।
প্রধানমন্ত্রী মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল দেওয়ার জন্য চীনা দূতাবাসের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।
