ফখরুলের অভিযোগ

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৩:১০ এএম

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চালাচ্ছে তারা মানবজাতির শত্রু। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গত বুধবার সুনামগঞ্জের শাল্লায় উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় দেওয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে কোনো হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এ দেশে সব ধর্মের মানুষ কোনো ধরনের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বসবাস করছে।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এ সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সুনামগঞ্জের ঘটনা এক অশনিসংকেত। এ দেশের জনগণ এখন ভয়ংকর দুঃসময়ের মধ্যে দিনাতিপাত করছে। ভয়াল পরিবেশের কারণে এ দেশে মানুষের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী সরকার বিরোধী মত ও দলের নেতাকর্মীদের দমন ও নির্যাতনে ব্যস্ত থাকার কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে সম্পন্ন উদাসীন বিধায় একের পর এক নিরীহ মানুষের ওপরে হামলা, নির্যাতন ও জুলুম অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধ জনগণের প্রবল সাহসের কাছে কখনই কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। এ দেশের সব সম্প্রদায়কে যেকোনো উসকানির মুখে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিবৃতিতে মির্জা ফখরুল সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর করার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির জোর দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত