১০ চাকার ট্রাকের ভারে ধসে পড়ল বেইলি ব্রিজ

আপডেট : ২১ মার্চ ২০২১, ১২:২৬ এএম

ফরিদপুরের নগরকান্দায় ১০ চাকার একটি ট্রাক ওঠায় আড়াই যুগ আগে নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদপুর-নগরকান্দা-মুকসুদপুর আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তি নিয়ে বিকল্প পথ ব্যবহার করছে ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, ধাওয়াপাড়া থেকে বালিবাহী ১০ চাকার ওই ট্রাকটি জুঙ্গুরদি অভিমুখ হতে বেইলি ব্রিজে ওঠে। এরপর অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ধসে পড়ে। ৫ টন ওজন বহনের সক্ষমতা নিয়ে ’৮০-এর দশকের শেষের দিকে নির্মিত বেইলি ব্রিজটি অনেক আগেই জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এলাকাবাসী সেখানে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, খবর পেয়ে বিষয়টি ফরিদপুরের সড়ক বিভাগকে জানানো হয়েছে। একটি বিকল্প পথ গড়ে তোলার জন্য তাদের অনুরোধ জানিয়েছি।

ফরিদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ১০ চাকার বালিবাহী ট্রাকটি প্রায় ৩০-৩৫ টন ওজনের ছিল বিধায় অতিরিক্ত ভার বহন করতে না পেরে সেটি ধসে পড়েছে। আমরা বিকল্প পথে সড়ক যোগাযোগ অব্যাহত রাখার পন্থা বের করার চেষ্টা করছি।

নগরকান্দা থানার ওসি সেলিম রেজা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ১০ চাকার। ধাওয়াপাড়া হতে বালি নিয়ে আসা ট্রাকটি নির্ধারিত ওজনেরও কয়েকগুণ বেশি ওজনের ছিল। আমরা ট্রাকের চালককে আটক করতে পারিনি। এছাড়া মালিকের সন্ধানও পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত