গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান এবং দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্টের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, ১ নাতি, ১ নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তার শোকবার্তায় আতিকউল্লাহ খান মাসুদের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, আতিকউল্লাহ খান মাসুদ সংবাদ প্রকাশে সব সময়ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে সমুন্নত রেখেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
চিকিৎসকরা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অসুস্থতা বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার। গতকাল বাদ জোহর ক্যান্টনমেন্টের ২ নম্বর সেক্টরের আল্লাহু মসজিদে মরহুমের প্রথম জানাজা হয়েছে।
আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়। বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯ আগস্ট মুন্সীগঞ্জ জেলার মেদিনীম-ল গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তরুণ আতিকউল্লাহ খান মাসুদ ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
বসুন্ধরা পরিবারের শোক : দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আতিকউল্লাহ খান মাসুদ দীর্ঘ সময় সাহসিকতার সঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্র প্রকাশনার জগতে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ দান করেছেন নতুন মাত্রা। তার মৃত্যুতে দেশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার একজন মহান মুক্তিযোদ্ধাকে হারাল। তিনি এই প্রজন্মের সংগঠক ও উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।’
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
