সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে প্রাণহানি নিয়ে দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সেনাবাহিনী মুখপাত্র জাউ মিন তুন বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি। তারাও আমাদের দেশের নাগরিক ছিলেন।’
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে পুলিশও গুলি ছুড়ছে। প্রতিদিনই পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ যাচ্ছে। বিক্ষোভের সময় পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১৬৪ বিক্ষোভকারী ও ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গন থেকে নানা নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারের জান্তাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দিতে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। এদিকে জান্তাবাহিনী দেশজুড়ে চলমান বিশৃঙ্খলার জন্য বিক্ষোভকারীদের দায়ী করছে। বলছে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরাই দেশজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি এবং সম্পদের ক্ষয়ক্ষতি করছে।
