সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের একটি বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ৪০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ওই ইউনিয়নের রূপনাই গাছপাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ির গুদামঘর থেকে ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। রবিউল খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদের শ্যালক।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম এনায়েতপুর থানায় একটি মামলা করেছেন। এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান বলেন, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডের চাল কম দামে কিনে কালোবাজারে বেশি দরে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। পরে বাড়ির একটি গুদামঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১ হাজার ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন বলেন, ‘ছোট-বড় মিলে ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
