শ্রীমঙ্গলে রাস্তা বন্ধের প্রতিবাদ

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১১:৩০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি রাস্তা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা মলয় দত্ত বলেন, উপজেলার সবুজবাগ রাধামাধব জিউর আখড়ার সামনের এ রাস্তা দিয়ে ৩৪টি দরিদ্র পরিবার চলাফেরা করে। কিছুদিন আগে আখড়া কমিটির সাধারণ সম্পাদক পরিমল দাস এ রাস্তাটি আখড়ার নাম করে দখল করার জন্য রাস্তাটির কিছু অংশ কেটে দেন। তিনি ‘জায়গাটির মালিক আখড়া কমিটি’ দাবি করে এ রাস্তাটি বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, সাবেক সহকমান্ডার চিরেশ দস্তিদার ও মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তবে সবুজবাগ রাধামাধব জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক পরিমল দাস রাস্তা বন্ধ করার কথা অস্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত