প্রেস ক্লাবে জাফরুল্লাহ

মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে ভারতের কোনো নেতা জেলে যাননি

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০১:৫১ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মোদি সাহেব বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জেলে গিয়েছিলেন। তিনি কোন জেলে ছিলেন? উনি (মোদি) কি তখন পাকিস্তানের পক্ষে ছিলেন? কোনো ভারতীয় নেতা তো ’৭১ সালে জেলে যাননি। উনি ৫০ বছর পর আজকে এ কথা আবিষ্কার করছেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে সত্যাগ্রহ করে জেলে গিয়েছিলাম।’

ডা. জাফরুল্লাহ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো ভুল কাজ হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশে শান্তিপূর্ণ জনতার ওপর নির্বিচারে পুলিশের গুলিতে নিহত ও শত শত মানুষ আহত হয়েছে।

আওয়ামী লীগকে উদ্দেশ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হয়েছিল, সেদিন আওয়ামী লীগের দুর্ধর্ষ নেতারা কোথায় পালিয়ে গিয়েছিলেন। তার খোঁজ পাওয়া যায়নি। একমাত্র কাদের সিদ্দিকীই প্রকাশ্যে প্রতিবাদে এসেছিলেন। আমি তখন লন্ডনে, আমার অজান্তেই চোখের পানি ঝরেছিল।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা যাদের ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছেন, সেই হেফাজতও আজ প্রতিবাদ করছে। আপনার পার্টির লোকেরাও আপনার সামনে এসে কথা বলতে ভয় পায়। তবুও তারা প্রতিবাদ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত