নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল শেষ টি-টোয়েন্টিতে ১৪২ রান তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছিল ১০ ওভারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ওভারে অলআউটের এটি তৃতীয় ঘটনা। আগের ঘটনার দুটিই তুরস্কের।
হ্যাঁ, তুরস্কও ক্রিকেট খেলে। তবে টি-টোয়েন্টির তিনটি সর্বনিম্ন দলীয় রানের মালিক তারা। ইনিংস তিনটি তারা খেলেছিল টানা তিন দিনে! ২০১৯ সালের ২৯ আগস্ট কন্টিনেন্টাল কাপের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে তুরস্ক করে ২৮ রান। পরের দিন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তুর্কিরা করে ২১ রান। তার পরের দিন অস্ট্রিয়ার বিপক্ষে ৩২ রানে থামে তুরস্ক। ২১ আর ৩২ রানে তারা অলআউট হয়েছিল ১০ ওভারের মধ্যে। ২১ রানে অলআউট হয় ৮.৩ ওভারে, আর ৩২ রান করে ৮.৫ ওভারে। বাংলাদেশ গতকাল ৯.৩ ওভারে অলআউট হয়। তবে একটি জায়গায় এখনো তুরস্ক একাই, তুরস্কের ম্যাচগুলো ছিল ২০ ওভারের। বাংলাদেশের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল ১০ ওভারের।
