বিলম্ব পরিশোধ ব্যবস্থায় আমদানি পুনঃঅর্থায়ন বা সময় বাড়ানোর জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) অনুমোদনের প্রয়োজন হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে পাঠায়।
সার্কুলারে বলা হয়, বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধ সময় বৃদ্ধি কিংবা পুনঃঅর্থায়নের ক্ষেত্রে বিডার অনুমোদনের প্রয়োজন হবে। বিডাতে এবং বস্ত্র অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য এ ব্যবস্থা প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে আমদানি দায় পরিশোধের সময় শেষ হওয়ার এক মাস আগে বিডাতে আবেদন করতে হবে। সার্কুলারে বলা হয়েছে, বিদেশি সরবরাহকারী কিংবা ঋণদানকারী প্রতিষ্ঠান এক বছরের অতিরিক্ত সময় কিংবা ওই অতিরিক্ত সময়ের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা স্থানীয় আমদানিকারককে প্রদান করবে।
বিডার বেসরকারি খাতের বৈদেশিক ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার্কুলারটি জারি করা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক।
