করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন। এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা তার নেই। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার করোনা চিকিৎসায় বিএনপি গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা.এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট পেলে সর্বশেষ অবস্থা জানা যাবে এবং সে অনুযায়ী চিকিৎসা দেওয়া যাবে।
এর আগে গতকাল বিকেলে তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান। তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল-মামুন সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানেই হবে। পরীক্ষার জন্য রক্তের নমুনা নেওয়া হয়েছে। রক্তের মধ্যে কোনো ঝুঁকি আছে কি না, তা রিপোর্ট এলে পর্যালোচনা করে বোঝা যাবে।’
এর আগে দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি এখানে আসার আগে চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নিয়েছি। তিনি ভালো আছেন। কোনো ধরনের জটিলতা এখনো নেই। সারা দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চাই সরকার এখন খালেদা জিয়াকে মুক্তি দিক।’
খালেদা জিয়ার ব্যক্তিগত এক স্টাফ নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসন ছাড়া বাসভবনের আরও যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিনজনকে তাদের নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাসভবনে যারা থাকবেন তাদের এক মাসের ওষুধ সরবরাহ করা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। গৃহকর্মী ফাতেমা, বাবুর্চি রতনসহ বাকিরা ফিরোজায়ই রয়েছেন। তাদেরও কোনো ধরনের জটিলতা নেই।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ নেতাদের আশু রোগমুক্তি কামনায় ঢাকান্ড১৮ আসনের অন্তর্গত সাতটি থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করেন এ আসনের বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদল সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন। উত্তরায় তার বাসায় এ দোয়ার আয়োজন করা হয়।
গত রবিবার খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্ত বলে জানান।
সস্ত্রীক করোনামুক্ত খন্দকার মোশাররফ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস হোসেন করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। গতকাল বিকেলে করোনামুক্ত হয়ে তারা দুজন স্কয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন। গত ৩১ মার্চ তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের দুজনকেই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
