বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নগরীর বিমানবন্দর থানা এলাকার এ ঘটনায় গত সোমবার মধ্যরাতে জসিম উদ্দিন নামে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত জসিম বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি ও নগরীর সাগরদী ব্রাঞ্চ রোড এলাকার শুক্কুর আলীর ছেলে বলে জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়, ৮ বছর ধরে জসিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নারীর। এর সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ওই নারীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে জসিম। এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করানো হয়। এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে জসিম। সবশেষ গত ৫ মার্চ রাতে ওই নারীর বাসায় গিয়ে আবারও তাকে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য জসিমকে চাপ দেন ওই নারী। কিন্তু তাকে বিয়ে না করে গত রবিবার অন্যত্র বিয়ে করেন জসিম।
অভিযোগের বিষয়ে জসিমের দাবি, এটা তার বিরুদ্ধে দলীয় প্রতিপক্ষের ষড়যন্ত্র। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন তিনি। বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, অভিযোগ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাতক্ষীরার কালিগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণিপড়–য়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাউখালী এলাকার ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে আব্দুল মজিদ (৪২) নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত মজিদ শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জের পাউখালী মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, আসামিকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
