বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াপতংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আক্তারু সামাদ রাফি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা নিজেদের রক্ষার্থে হালকা গুলি চালিয়ে পালিয়ে যায়, পাল্টা গুলি চালাই আমরা। তবে কেউ হতাহত হয়নি। পরে তাদের আস্তানা থেকে অস্ত্র, গুলিসহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্র, গুলি আর সরঞ্জামগুলো জেএসএস (সন্তু) গ্রুপের বলে জানিয়েছেন সদর জোনের অধিনায়ক।
এদিকে সেনা সূত্রে জানা গেছে, অভিযানে ম্যাগাজিনভর্তি ১টি পিস্তল, একে ৪৭-এর ম্যাগাজিন, একাধিক অ্যামুনেশন বাউন্ডুলিয়ার, কমান্ডো নাইফ, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
