ব্রিফিংয়ে কাদের

বিএনপির আমলে সকালেই ভোট প্রদান শেষ করা হয়েছিল

আপডেট : ০৫ মে ২০২১, ০৭:০৩ এএম

বিএনপির আমলে সকাল ১০টার মধ্যেই ভোট প্রদান শেষ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আমলে সকাল ১০টার মধ্যেই ভোট প্রদান শেষ করে দেওয়া হয়েছিল। তখন চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট গণনার আগেই চূড়ান্ত ফলাফল রেডিও, টিভিতে ঘোষণা দেওয়া হয়েছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বুলি ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো।’

তিনি বলেন, ‘গণতন্ত্র নিয়ে কথা বলা বিএনপির মুখে শোভা পায় না। ক্ষমতায় থাকতে তারা ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের কলঙ্কিত অধ্যায়ও এ দেশে সৃষ্টি করেছে। বিএনপি নেতারা পূর্ণিমার আলো ঝলঝল রাতেও অমাবস্যার অন্ধকার দেখতে পায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করার রেকর্ডে বিএনপি চ্যাম্পিয়ন। তারা এক কোটি সোয়া লাখ ভুয়া ভোটার দিয়ে আজিজ মার্কা প্রহসনের নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। মাগুরা ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনের সেই জালিয়াতির কথা দেশের মানুষ এখনো ভুলে যায়নি।’

তিনি বলেন, ‘অসহায় কর্মহীন, খেটে খাওয়া নিম্ন আয়ের সাড়ে ৩৬ লাখ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ বা দলীয় নেতাকর্মীদের আত্মীয়স্বজন দেখে নয়, বরং নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবারের তালিকা করে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব সাহায্য দেওয়া হচ্ছে। মুখ দেখে দেওয়ার কোনো সুযোগ নেই।’

ওবায়দুল কাদের বলেন, নগদ অর্থ ও খাদ্য সহায়তা এবার যেন কোনোভাবেই বেহাতে না যায় সে ব্যাপারেও ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণে কেউ কোনো অপকর্ম ও অনিয়ম করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।’

‘গণমাধ্যম সরকার নিজের মতো করে নিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমের ওপর সরকারের যদি নিয়ন্ত্রণই থাকবে তাহলে প্রতিদিন তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার আর মিথ্যাচার করে কেমন করে? এমনকি বিএনপির কোনো নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়নি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি এখনো টিকে আছে স্বাধীন গণমাধ্যম আছে বলেই।’

তিনি বলেন, ‘সরকারের কোনো উদ্যোগ বিএনপির চোখে পড়ে না। এ সংকটকালে জনগণের জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরিতে সরকারের উদ্যোগের প্রশংসা না করে তারা তোতা পাখির মতো শেখানো বুলি অবিরাম আওড়িয়ে যাচ্ছে। অনবরত মিথ্যাচার এখন তাদের একমাত্র অস্ত্র। সরকারের সবকিছুতে দোষত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত