শ্রীলঙ্কার সঙ্গে ডলার বিনিময় করে আয় করবে বাংলাদেশ

আপডেট : ২৬ মে ২০২১, ১২:৫৪ এএম

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত শ্রীলঙ্কা ডলারের ঘাটতিতে পড়েছে। ফলে দেশটির স্থানীয় মুদ্রা রুপি প্রতিনিয়ত মান হারাচ্ছে। প্রতিবেশী এই দেশটির অর্থনৈতিক সংকট কাটাতে ডলার জোগান দিয়ে সহযোগিতা করতে এগিয়ে এসেছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার এই দেশটিকে আপাতত ২০ কোটি ডলার সরবরাহ করবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই ডলার জোগান দেওয়া হবে।

জানা গেছে, ধার হিসেবে নয়, মূলত ডলার ও শ্রীলঙ্কার রুপি অদল-বদল বা সোয়াপ করা হবে। এর বিপরীতে কিছু মুনাফাও পাবে বাংলাদেশ। গত রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় রিজার্ভ থেকে ডলার জোগান দেওয়ার সিদ্ধান্তেনীতিগত অনুমোদন দেন পর্ষদ সদস্যরা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কার পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

২০১৯ সালে দেশটির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান ছিল ১২ দশমিক ৬ শতাংশ। ফলে করোনার এই সময়ে দেশটির পর্যটন খাত বিপাকে পড়ায় দেশটির স্থানীয় মুদ্রা রুপি প্রতিনিয়ত ডলারের বিপরীতে মান হারাচ্ছে। সেই সঙ্গে বৈদেশিক দায় পরিশোধে টান পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

এমন পরিস্থিতিতে এশিয়ার দেশগুলো থেকে ডলার ধার করছে দেশটি। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারও ২০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে।

জানা গেছে, মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গত ১৯ মার্চ ঢাকায় আসেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন মাহিন্দা রাজাপাকসে। ওই সভায় বাংলাদেশ থেকে ডলার সহায়তা চান তিনি। তবে দুই দেশের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়নি। এই সভার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডব্লিউ ডি লক্ষণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে চিঠি দেন। এর পরপরই বাংলাদেশ ব্যাংক এই সহযোগিতার প্রস্তুতি নিতে শুরু করে।

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৫০০ কোটি ডলার (৪৫ বিলিয়ন) ছুঁইছুঁই। গতকাল রিজার্ভে ছিল ৪ হাজার ৪৮০ কোটি ডলার। এই রিজার্ভ থেকে ২০ কোটি ডলার দেওয়া হবে শ্রীলঙ্কাকে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত পর্ষদ সভায় জানানো হয়, শ্রীলঙ্কা ২০ কোটি ডলারের সমপরিমাণ রুপি বাংলাদেশকে দেবে। বাংলাদেশ ২০ কোটি ডলার দেশটিকে দেবে। ফলে রিজার্ভের পরিমাণে কোনো প্রভাব পড়বে না। এর বিপরীতে দেড় থেকে দুই শতাংশ মুনাফা পাবে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত