বাবার সঙ্গে ঘুরতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট শিশু

আপডেট : ১৮ জুন ২০২১, ০৬:০০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবার সঙ্গে ঘুরতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল সাদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাসনগাঁও বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ময়মনসিংহের ঈশ^রগঞ্জ থানার বাটি চন্দ্রপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।

স্বজনরা জানান, বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার পুলিশ লাইনস এলাকায় নানাবাড়ি বেড়াতে আসে আব্দুল্লাহ। দুর্ঘটনার সময় বাবার সঙ্গে রিকশায় করে ঘুরতে বের হয় সে। শাসনগাঁও বনশ্রী এলাকায় বক্তাবলীমুখী ইটবোঝাই একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে সড়কে ছিটকে পড়ে আব্দুল্লাহ। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার এসআই মিনারুল ইসলাম জানান, ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া একইদিন দুপুরে সাভারের তালবাগে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে কার্ভাড ভ্যানের চাপায় হুমাইরা রহমান (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। হুমাইরা সাভারের ফুলবাড়িয়া পানপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাত করিম জানান, ঘটনার সময় ফুলবাড়িয়া থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে সাভারের দিকে যাচ্ছিলেন হুমাইরা। তালবাগ এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। ওই সময় পেছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত