গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে বাংলায় ‘টার্নইটইনের’ মতো সফটওয়্যার তৈরির আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার দেশের অনলাইন এডুকেশন নিয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আলমগীর।
শিক্ষায় প্রযুক্তির ভূমিকা বিষয়ে অধ্যাপক আলমগীর বলেন, ‘আধুনিক প্রযুক্তি গুণগত উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অ্যান্টি প্ল্যাজারিজম সফটওয়্যার ‘টার্নইটইন’ অনবদ্য ভূমিকা রাখছে। বাংলা গবেষণাপত্র এবং পুস্তক ইত্যাদির জন্য ‘টার্নইটইন’-এর আদলে বাংলা ভাষায় উন্নত একটি সফটওয়্যার তৈরি করতে হবে।’ এক্ষেত্রে দেশীয় প্রযুক্তিবিদদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে একটি সফটওয়্যার কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুণগতমান সংরক্ষণ ও উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে ইউজিসি। দেশের অনলাইন এডুকেশন নিয়ে অনুষ্ঠিত সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘অনলাইন এডুকেশন শুধু সংকট উত্তরণের জন্য চলতে পারে, অনির্দিষ্ট সময়ের জন্য নয়। অনলাইন এডুকেশন কখনো হাতে-কলমে শিক্ষা এবং মানুষের সম্পৃক্ততার বিকল্প মাধ্যম হতে পারে না।’
সভায় সরাসরি পাঠদানের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক আলমগীর বলেন, ‘নানা রকম সংকট ও সীমাবদ্ধতা থাকার পরও এটিকে কার্যকর ও জনপ্রিয় করে তুলতে হবে। অনলাইন শিক্ষা কেবল পাঠদান সর্বস্ব না হয়ে এটিকে অংশগ্রহণমূলক ভার্চুয়াল ক্লাসরুম করতে হবে। অনলাইনে পাঠদানের চলমান সংকট থেকে বেরিয়ে আসতে ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা প্রবর্তন করতে হবে।’ অনলাইনে পাঠদানে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবন শক্তি বৃদ্ধির সঙ্গে শিক্ষার্থীদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
