চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর চান্দগাঁও বি-ব্লক জামে মসজিদে মোহাম্মদ আলীর জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক মোহাম্মদ আলীর জন্ম ফটিকছড়ি পাইন্দংয়ে। তিনি ১৯৮৫-৮৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। ১৯৯০-১৯৯৪ মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যও ছিলেন।
তিনি চবির ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একইসঙ্গে কলা ও মানববিদ্যা অনুষদের প্রথম ডিন ছিলেন।
এ শিক্ষাবিদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দান বিশ্ববিদ্যালয় ও সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
এক শোক বার্তায় তারা বলেন, অধ্যাপক মোহাম্মদ আলী ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী, সদালাপী, অমায়িক ও সর্বোপরি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
