কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ (২৭) নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যসহ আটক ও জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানব পাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় সশস্ত্র মানব পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
আরও বলা হয়, গুলি বিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি সশস্ত্র ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালাতে যায় পুলিশ, এসআরবি, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় পাহাড়ে অবস্থান নেওয়া ডাকাত দলের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি শুরু হয়।
দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।