কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। গত ৩ জুন ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্মে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এর আওতায় এখন পর্যন্ত ২ হাজার ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৪ কেজি আলু এবং ১টি সাবান।
কার্যক্রম উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি যেকোনো দুর্যোগময় মুহূর্তে দুর্গতদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
