ইরাকে করোনা হাসপাতালে আগুনে নিহত অর্ধশতাধিক

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৪:০৪ এএম

ইরাকের একটি করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুনের ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনো চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তিন মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো এই ধরনের প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটল। গত সোমবার রাতে নাসিরিয়া শহরের আল-হুসেন হাসপাতালে এই অগ্নিকাণ্ড হয়েছে।

গত এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি কভিড হাসপাতালে আগুন লেগে অন্তত ৮২ রোগীর মৃত্যু হয়। ইবনে খাতিব হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আহত হয় আরও অনেকে। ঘটনার জেরে পদত্যাগ করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি।

সোমবার দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের স্বাস্থ্য কর্র্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি বলেন, ‘কভিড আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। হতাহতরা পুড়ে মারা গেছে আর তল্লাশি চলছে। এখনো ভবনে অনেকে আটকা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ওয়ার্ডটিতে ৬০ জনের ধারণক্ষমতা রয়েছে।’

স্বাস্থ্য কর্র্তৃপক্ষ জানিয়েছে, অনেক রোগী এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে দুই স্বাস্থ্যকর্মী রয়েছে বলে জানিয়েছেন তারা। এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধারের তথ্য জানা গেছে।

কর্মকর্তারা অগ্নিকাণ্ডের জন্য শর্টসার্কিটকে দায়ী করলেও বিস্তারিত কিছু জানাচ্ছেন না। আরেক স্বাস্থ্য কর্মকর্তার দাবি, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত