আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে চলমান অনলাইন লাইসেন্সিং মডিউলের (ওএলএম) মাধ্যমে জারি করা সব ধরনের নিবন্ধন সনদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধরনের সারচার্জ ছাড়াই যাতে নবায়ন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এর আগে ১৩ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
ওই আদেশে বলা হয়, নবায়নের জন্য আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে দাখিল করা আবেদনগুলো নিষ্পত্তিকালে নিবন্ধিত আমদানিকারক, রপ্তানিকারক ও ইনডেন্টররা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সে লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের নবায়ন ফি ও মূল্য সংযোজন কর (মূসক) বাবদ প্রদেয় ফি জমা দেওয়ার প্রমাণ হিসেবে ট্রেজারি চালন বা ই-চালান দাখিল সাপেক্ষে আগের অর্থবছর পর্যন্ত মেয়াদ সম্পন্ন সব নিবন্ধন সনদের বিপরীতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেওয়া যেতে পারে।
