টাঙ্গাইলে করোনায় নারী চিকিৎসক জাকিয়ার মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০২:১৩ এএম

করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জাকিয়া রশিদ শাফি মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই চিকিৎসক দুই ডোজ টিকা নিয়েছিলেন বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব।

শফিকুল ইসলাম সজীব জানান, জাকিয়া রশিদ টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা। তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমানের স্ত্রী। প্রায় এক সপ্তাহ আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি ঢাকার সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রবিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান।

এ নিয়ে জেলায় করোনায় দুই চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে গত ৯ জুলাই জেলার মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ) মাজেদ আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত