ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লিওনেল মেসির নতুন গন্তব্য হতে যাচ্ছে পিএসজি। যদি পিএসজিতে যান মেসি তবে তার জার্সি নম্বর কত হবে? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
বার্সেলোনাতে ১০ নম্বর জার্সি পরে খেলতেন মেসি। পিএসজিতে ১০ নম্বর জার্সি পরে খেলেন নেইমার। বার্সেলোনায় ২০১৩ সাল থেকে চার বছর মেসির সঙ্গে খেলেছিলেন নেইমার। নেইমারের আবারও একসঙ্গে খেলার ইচ্ছে আছে তা সবারই জানা। নেইমার যখনই শুনেছেন মেসির বার্সা-বিচ্ছেদের কথা, তখন থেকেই উঠেপড়ে লেগেছেন প্রিয় বন্ধুকে নিজের ক্লাব পিএসজিতে আনার জন্য। মেসিকে পাশে পেতে নেইমার দরকার হলে পিএসজিতে নিজের ১০ নম্বর জার্সিটাও বন্ধুকে দিয়ে দিতে রাজি। তবে গণমাধ্যমে খবর, মেসি চান ১০ নম্বর জার্সিটা নেইমারেরই থাকুক। মেসি পরবেন ১৯ নম্বর জার্সি। যদি মেসি পিএসজিতেই যান আর ১৯ নম্বর জার্সিই পরেন, তবে পিএসজির ১৯ নম্বর জার্সির মায়া ছাড়তে হবে স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়াকে। একটা সময় রোনালদিনহো বার্সেলোনায় পরতেন ১০ নম্বর জার্সি। তখন মেসি পরতেন ১৯ নম্বর জার্সি। মেসি বার্সায় ১০ নম্বর জার্সি পরা শুরু করেন ২০০৮ সাল থেকে। নেইমার অবশ্য বেশিদিন ধরে পরছেন না ১০ নম্বর জার্সি। বার্সা ছেড়ে পিএসজিতে আসার পরেই ১০ নম্বর জার্সির স্বাদ পেয়েছিলেন নেইমার। পিএসজির আগে সান্তোস, বার্সেলোনায় নেইমার পরতেন ১১ নম্বর জার্সি। জাতীয় দলেও নেইমার ১০ নম্বর জার্সি পেয়েছেন ২০১২-১৩ মৌসুমের পর।
