সাইফের কাছে বড় হার রাসেলের

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১২:১৯ এএম

আগের দিন শিরোপা নিশ্চিত করে প্রিমিয়ার লিগের আকর্ষণটাই কমিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। গতকাল লিগের তিনটি ম্যাচ হয়েছে। তিন ম্যাচেই জয়ী চট্টগ্রাম আবাহনী, মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাব রয়েছে রানার্সআপ হওয়ার লড়াইয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে সাইফ ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। একই মাঠে দিনের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৪-১ ব্যবধানে হারিয়েছে পুলিশকে। আর আর্মি স্টেডিয়ামে মোহামেডান ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে।

সাইফের কাছে হেরে রানার্সআপ হওয়ার সম্ভাবণা ক্ষীণ হয়ে গেছে বড় বাজেটের রাসেলের। ২০ ম্যাচে দলটি ৩০ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে সাইফ। রাসেল ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুর আত্মঘাতী গোলে ৯ মিনিটে এগিয়ে যায় সাইফ। ২৭ মিনিটে নাইজেরিয়ান ক্যানেথ ইকেচুকু ব্যবধান বাড়ান। ৪০ মিনিটে ৩-০ হয় জন ওকোলির গোলে। আর ৫২ মিনিটে ইকেচুকু দ্বিতীয় গোল করে সাইফের জয় নিশ্চিত করেন। আর্মি স্টেডিয়ামে অবনমন শঙ্কায় থাকা ব্রাদার্সকে দু’অর্ধে দু’গোল দিয়ে মোহামেডান দশম জয়ের স্বাদ পায়। ৪১ মিনিটে শাহেদ হোসেনের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে জয় নিশ্চিত করেন ৮৩ মিনিটে গোল করে। ৩৬ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে পঞ্চম স্থানে।

পুলিশের বিপক্ষে চট্টগ্রাম আবাহনী ৪-১ গোলের জয়ে চতুর্থ স্থানটা সমুন্নত করেছে। ২০ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৩৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে তাদের ব্যবধান ৩ পয়েন্টের। আর্জেন্টাইন নিক্সন গুইলহার্মের পেনাল্টি গোলে ২ মিনিটেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। আইভরি কোস্টের চার্লস দিদিয়ের ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে রাকিব হোসেন ৩-০ করেন। ৭৯ মিনিটে মোহাম্মদ স্বাধীন এক গোল শোধ দেন। আর যোগ করা সময়ে নাইজেরিয়ান চিনেডু ম্যাথিউ গোল করে চট্টগ্রামকে ১১তম জয় এনে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত