অনলাইনে সেলিম আল দীন জয়ন্তী

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৮:৪৬ পিএম

গান, পাঠ অভিনয় ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদ্‌যাপিত হয়েছে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭২তম জয়ন্তী। বুধবার দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, জাবি শিক্ষক রশীদ হারুণ, আনন জামান, তৌফিক হাসান ময়নাসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতি বছরই দিবসটিকে ঘিরে নাট্য উৎসব থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে অনলাইনে অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সংগঠন। কলকাতার ব্যান্ডশিল্পী সাকী ব্যানার্জি সেলিম আল দীনকে নিয়ে নতুন একটি গান প্রকাশ করেছে।

এদিন রাত ৮টায় অনলাইন মাধ্যমে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্বাগত বক্তব্য দেন তৌফিক হাসান ময়না। ‘একাঙ্গীকরণ তত্ত্বের নিরিখে উপন্যাস মঞ্চায়ন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন রূবাইয়াৎ আহমেদ। আলোচনায় ছিলেন মফিদুল হক, অধ্যাপক আফসার আহমেদ। সভাপতিত্ব করেন নাসির উদ্দীন ইউসুফ। পরে সেলিম আল দীনের রচনা থেকে পাঠ অভিনয় করেন শিমূল ইউসুফ। গান পরিবেশন করেন সাকী ব্যানার্জী।

জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে ‘সেলিম আল দীনের বিশ্ববীক্ষা’ শীর্ষক মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়। পরে ‘চলচ্চিত্রে সেলিম দীন’ শীর্ষক আলোচনায় বক্তা ছিলেন ড. আফসার আহমেদ। অতিথি ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ ও নার্গিস আক্তার। সঞ্চালনা করেন ড. ফাহমিদা আক্তার।

নাট্য সংগঠন স্বপ্নদল অনলাইনে আয়োজন করেছে দুই দিনের উৎসব। বুধবার উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হয় আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার রাত ৮টায় সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ এর ডিজিটাল সম্প্রচার অনুষ্ঠিত হবে। এটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘বন্দনার গান আর শিল্পের সুনীল আখ্যান, নাট্যাচার্যের প্রেরণায় আজ নবীন ধাবমান।’ স্লোগান নিয়ে আয়োজনটি সদ্য প্রয়াত নাট্যজন এস এম মহসীনের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছে স্বপ্নদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত