লাল বলে সিরাজের উত্থান

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:৩৯ এএম

ওয়ানডেতে মোহাম্মদ সিরাজের বোলিং দেখে কিংবদন্তির মোহাম্মদ আজহার উদ্দিন বলেছিলেন, ‘ও লাল বলে অনেক ভালো করবে।’ মাত্র ৭ টেস্টে ২৭ উইকেট নিয়ে তার প্রমাণ রাখছেন এই ফাস্ট বোলার।

সিরাজ প্রথম নজর কাড়েন আইপিএলে। ভারতীয় ‘এ’ দলের হয়েও দারুণ বোলিং করেছেন তিনি। গত বছর অক্টোবরে নির্বাচক কমিটির বিদায়ী চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেছিলেন, ‘ভারতীয় এ দলের হয়ে বেশ কিছুদিন ধরেই ভালো খেলছেন সিরাজ। আমার  মনে হয় অস্ট্রেলিয়ার কন্ডিশনে বোলিং করে সে আরও ভালো লাল বলের বোলার হয়ে উঠেছে।’ ‘এ’ দলের হয়ে ১৬ ম্যাচে ২১.৮৮ গড়ে ৭০ উইকেট নিয়েছিলেন সিরাজ। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ৮/৫৯ ছিল তার সেরা। সেই পারফরমেন্সটাই এখন সিনিয়র দলের হয়ে করছেন সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৮ উইকেট নিয়েছেন ১২৬ রান দিয়ে। দুই ইনিংসে তার বোলিং ফিগার ছিল : ৩০-৪-৯৪-৪, ১০.৫-৩-৩২-৪। এই মাঠে এতদিন কোনো ভারতীয়র সেরা বোলিং কপিল দেবের ১৯৮২ সালে ৫৩ ওভারে ১৬৮ রান দিয়ে ৮ উইকেট। সিরিজের প্রথম টেস্টেও দারুণ বোলিং করেছিলেন সিরাজ। নিয়েছিলেন ৩ উইকেট। শচিন টেন্ডুলকার লাল বলে সিরাজের বোলিংয়ের প্রশংসা করে বলেছেন, ‘ছেলেটা দ্রুত শেখে। পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নেয়। ফাস্ট বোলাররা একটা সময়ে দ্রুত সব কিছু রপ্ত করতে থাকে। তখন মনে হবে যে নিজেকে বদলে ফেলেছে সে। সিরাজ সেই পর্যায়ে আছে। গত বছর এমসিজিতে ওকে দেখেছিলাম (দুই ইনিংসে ৫ উইকেট)। তারপরে এখনকার সিরাজকে দেখে মনে হচ্ছে, ছেলেটা দ্রুত একটা ওভার নিজের মতো করে নির্মাণ করছে। চিন্তা করার এই ক্ষমতাটা বড় ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত